কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ ১,৩১৩
ছবি: জাতীয় অর্থনীতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ লাভ করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বোর্ড সূত্রে জানা যায়, গত বছর এই পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, এ বছর পাসের হার সামান্য হ্রাস পেলেও ফলাফলের সামগ্রিক চিত্রে বিজ্ঞান বিভাগ অন্যান্য বিভাগের তুলনায় ভালো করেছে। এ ছাড়া পাসের হার ও মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর কুমিল্লা বোর্ডের অধীন পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রী। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। এর মধ্যে ১৫ হাজার ৮৫৭ জন ছাত্র এবং ২৮ হাজার ৪১৫ জন ছাত্রী।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫১ দশমিক ২৬ শতাংশ।

ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, "এ বছর মূলত ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে ফলাফল বিপর্যয় ঘটেছে। নিচের শ্রেণিগুলো থেকে এসব বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক ভিত্তি বা বেসিক মজবুত না থাকার কারণেই কাঙ্ক্ষিত ফল আসেনি। ভবিষ্যতে এ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও বেশি সচেতন হতে হবে।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ শিপন মিয়া, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদ, উপপরীক্ষ নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার ও মো. মাহমুদুল ইসলাম।  

—জা. অর্থনীতি/এলএটি