নায়ক-নায়িকা নিউইয়র্কে, মুক্তির মিছিলে সিনেমা

জাতীয় অর্থনীতি বিনোদন: অবশেষে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে আনন্দের এই মুহূর্তে দেশে নেই তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই নায়ক সাইমন সাদিকসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী।

১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আনন্দ অশ্রু’। তবে এটি সালমান শাহ ও শাবনূরের বিখ্যাত সিনেমার রিমেক বা সিক্যুয়াল নয়। একেবারেই নতুন ও মৌলিক এক ভালোবাসার গল্প। সিনেমায় সাইমন ও মাহিকে দেখা যাবে ‘শিরি-ফরহাদ’ জুটির চরিত্রে।

দীর্ঘদিন ধরে বড়পর্দায় নায়িকা হিসেবে অনুপস্থিত মাহিকে ২০২৪ সালের ‘রাজকুমার’ সিনেমায় কেবল একটি অতিথি চরিত্রে দেখা গিয়েছিল। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া ও রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি বর্তমানে দেশান্তরে। অপরদিকে একই কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাইমনও।
নায়ক-নায়িকার সশরীরে অনুপস্থিতিতে প্রচার ছাড়া এই সিনেমা প্রেক্ষাগৃহে কতখানি দর্শক টানতে পারবে, তা নিয়েই এখন জোর চর্চা চলছে ঢালিউডে।

জা. অর্থনীতি/এআর