আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরের রাতের আকাশে দেখা মিলতে পারে চোখধাঁধানো মহাজাগতিক দৃশ্য। দক্ষিণ টরিড উল্কাবৃষ্টির সক্রিয়তা বাড়ায় আজ বুধবার (৫ নভেম্বর) রাতে উজ্জ্বল অগ্নিগোলকের মতো উল্কা ছুটে যেতে পারে আকাশজুড়ে। বিশেষ করে মধ্যরাতের দিকে এ দৃশ্য দেখার সম্ভাবনা বেশি।
দক্ষিণ টরিড উল্কা ঘণ্টায় প্রায় ১ লাখ ৪ হাজার ৬০৭ কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। অন্যান্য অনেক উল্কাবৃষ্টির তুলনায় ধীরগতির হওয়ায় এগুলোর আলোর রেখা দীর্ঘ সময় দৃশ্যমান থাকে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মকর্তা বিল কুক জানান, টরিড উল্কাবৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য হলো উজ্জ্বল অগ্নিগোলকের উপস্থিতি।
গ্রহাণু ও ধূমকেতু থেকে ছড়িয়ে পড়া পাথর ও বরফের টুকরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে গেলে উল্কার সৃষ্টি হয়। বড় আকারের এসব মহাজাগতিক ধ্বংসাবশেষ থেকে তৈরি হতে পারে অত্যন্ত উজ্জ্বল অগ্নিগোলক। কোনো কোনোটি শুক্র গ্রহের চেয়েও বেশি উজ্জ্বল হয়।
দক্ষিণ টরিড উল্কাবৃষ্টি দেখতে শহরের আলোকদূষণ থেকে দূরে অন্ধকার জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তত ৩০ মিনিট অন্ধকারে থাকলে চোখ রাতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ সময় মোবাইল ফোন ব্যবহার না করে খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করতে হবে।
এদিকে একই সময়ে উত্তর টরিড উল্কাবৃষ্টিও সক্রিয় রয়েছে। এটি ১২ নভেম্বর সর্বোচ্চ সক্রিয়তায় পৌঁছাবে। বিজ্ঞানীদের ধারণা, ২০৩২ সালে পৃথিবী টরিড উল্কার আরও ঘন ধ্বংসাবশেষের বলয়ের মধ্য দিয়ে যেতে পারে। তখন আকাশে অসংখ্য উজ্জ্বল অগ্নিগোলক দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জা.অর্থনীতি/এসআই
