আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে এবার বাধা হয়ে দাঁড়াতে পারে নতুন আইন। ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাবিত বিল ঘিরে উদ্বেগ ছড়িয়েছে প্রযুক্তি খাতে। এতে নতুন ডেটা সেন্টার নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ফলে এআই খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন বিনিয়োগকারীরা।
‘ডেটা সেন্টার মোরাটোরিয়াম অ্যাক্ট’ নামের প্রস্তাবিত আইনটি পাস হলে যুক্তরাষ্ট্রে এআইয়ের জন্য নতুন ডেটা সেন্টার নির্মাণ বন্ধ থাকবে। পাশাপাশি, চালু থাকা কিংবা কার্যক্রম শুরুর অপেক্ষায় থাকা ডেটা সেন্টারগুলোর সক্ষমতাও বাড়ানো যাবে না। এআই নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর রাখার প্রস্তাব রয়েছে।
বিলটিতে এআই খাতে বিপুল বিদ্যুৎ ব্যবহারের ব্যয় সাধারণ মানুষের ওপর চাপানো নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, এআইয়ের কারণে কর্মী ছাঁটাই থেকে সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তি থেকে অর্জিত অর্থনৈতিক সুফল বৃহত্তর সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
গত মার্চে সিনেটর বার্নি স্যান্ডার্স ও প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বিলটি উত্থাপন করেন। ৩ নভেম্বর কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ের পর এটি আবার সামনে আনার দাবি জানিয়েছেন স্যান্ডার্স। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা এখনই কম।
তবু কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কায় প্রযুক্তি ও চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বিক্রির চাপ বেড়েছে। এতে এআই অবকাঠামোয় বিনিয়োগের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
জা.অর্থনীতি/এসআই
