কালকিনিতে ককটেল বিস্ফোরণে গৃহবধূ আহত
ছবি: জাতীয় অর্থনীতি

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে রান্নার জন্য বস্তা থেকে শুকনা পাতা বের করতে গিয়ে ককটেল বিস্ফোরণে রাশিদা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আলীনগর ইউনিয়নের টুমচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকায় হামলা ও অগ্নিসংযোগের সময় অবিস্ফোরিত একটি ককটেল রাশিদা বেগমের রান্নাঘরে সবার অজান্তে পড়ে ছিল। আজ সকালে রাশিদা বেগম বস্তা থেকে পাতা বের করার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হয়। এতে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী রাশিদা বেগমের এক স্বজন জানান, রান্নাঘরের পাতার মধ্যে দুর্বৃত্তরের লুকিয়ে রাখা ককটেল বিস্ফোরণ হয়ে রাশিদা গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—জা. অর্থনীতি/এনজে