বিনোদন ডেস্ক: প্রায় দশ বছর আগে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ পর্ব পুনঃপ্রচার করা হচ্ছে। পাহাড়-নদী-লেক আর ঝর্ণা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে ধারণকৃত ইত্যাদির পর্বটি আবারও দেখা যাবে টিভি পর্দায়। শুক্রবার (১ মে) রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে বিশেষ এই পর্ব।
রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেডকোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে রাঙামাটির ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিলো ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে।
ইত্যাদির এই পর্বে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র্য আর রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো...’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীবৃন্দ। এ ছাড়াও, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের উপর একটি প্রতিবেদন।
রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।
এ ছাড়া, এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।
ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে রাঙামাটিকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে। দ্বিতীয় পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও স্থানীয় গানের মিউজিক শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
—জা. অর্থনীতি/এনএ
