‘ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই’

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত নিরসনে ইরানের ১৪ দফা প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, দেশ সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত রয়েছে। খবর তাসনিম নিউজ এজেন্সির।

সোমবার (১১ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফল হবে; একের পর এক ব্যর্থতা ছাড়া কিছুই আসবে না। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তত বেশি মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। এছাড়া শত্রুদের ভুল কৌশল কেবল তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি লেখেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত, ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফল বয়ে আনে। পুরো বিশ্ব ইতোমধ্যেই এটি বুঝে গেছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও লেবাননের নৃশংসতা থামায়নি ইসরায়েলি বাহিনী।

—জা.অর্থনীতি/জেআরটি