রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায়: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: চীনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। একইসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, চীন ও রাশিয়া একে অপরের কৌশলগত শক্তি হিসেবে কাজ করবে এবং দুই দেশের উচ্চপর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। বুধবার (২০ মে) বেইজিংয়ে দুই নেতার বৈঠকের পর এসব কথা জানান তারা।

বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক পরিস্থিতি এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বৈঠকের আগে বেইজিংয়ে পুতিনকে স্বাগত জানান শি জিনপিং।

রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক শুরুর আগে বেইজিংয়ের ‘গ্রেট হল’-এর বাইরে দুই নেতা করমর্দন করেন। রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গ্রেট হলের প্রবেশপথে লালগালিচা বিছানো হয়।

বিবিসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু হয়। সংক্ষিপ্ত এ বৈঠক প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

বৈঠক শেষে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, মেধাস্বত্ব ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন খাতে ২০টির বেশি চুক্তি সই করে দুই দেশ। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, অর্থনৈতিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যৌথ ঘোষণায় ‘বহুমেরু বিশ্বব্যবস্থা’ গঠনের পক্ষে অবস্থান নেয় মস্কো ও বেইজিং।

বৈঠক শেষে দুই নেতা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি এবং সরাসরি স্থান ত্যাগ করেন। তবে উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, এই আলোচনা ও চুক্তিগুলো চীন-রাশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মঙ্গলবার বেইজিং পৌঁছান ভ্লাদিমির পুতিন। সফরে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের কয়েকদিন পর পুতিন ও শির এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, চীন-রাশিয়ার সম্পর্ক এখনো দৃঢ় ও অটুট- এ বার্তাই এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করবেন পুতিন ও শি জিনপিং। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও গভীর হয়েছে। এরপর থেকেই নিয়মিত চীন সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

—জা. অর্থনীতি/এআইই