রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট আজ, রোববারের মধ্যেই চার্জশিট
শিশু রামিসা। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। আজ ওই টেস্টের রির্পোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান।

শনিবার (২৩ মে) গণমাধ্যমকে তিনি জানান, সেটি হাতে পেলে রোববারের (২৪ মে) মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে।

এসআই অহিদুজ্জামান বলেন, রামিসার ডিএনএ টেস্ট হয়েছে। আজ রিপোর্ট হাতে পেলে মামলার চার্জশিট আগামীকালই আদালতে জমা দিতে পারব।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গত বুধবার (২০ মে) আদালতে তোলা হয়ে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তিনি জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

—জা. অর্থনীতি/এনজে