ঈদযাত্রায় শিক্ষার্থীদের স্বস্তি দিতে জাকসুর বিশেষ বাস

জাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাসসেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরাসরি বাস চলাচল করছে।

জাকসু সূত্রে জানা যায়, গত বছরের দুর্গাপূজার ছুটি ও চলতি বছরের ঈদুল ফিতরে চালু হওয়া বিশেষ পরিবহন ব্যবস্থার ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। গত ২৩ মে থেকে প্রতিদিন নির্ধারিত রুটে শিক্ষার্থী পরিবহন সেবা চালু রয়েছে।

শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা ও বিভাগীয় সমিতির সহযোগিতায় বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা ও নোয়াখালীগামী বাসের ব্যবস্থা করা হয়েছে। গন্তব্য ভেদে নির্ধারিত ভাড়ায় শিক্ষার্থীরা এই সেবা গ্রহণ করছেন।

জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান বলেন, দেশের মধ্যে প্রথমবারের মতো ক্যাম্পাস থেকে সরাসরি বিভাগীয় শহর পর্যন্ত বাসসেবার ধারণা চালু করেছে জাকসু। গত বছরের পূজার ছুটি ও এবারের ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহাতেও সেই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

তিনি বলেন, হল থেকে বের হয়েই নিজ জেলার বাসে ওঠার যে স্বস্তি, সেটিকেই আমরা জাকসুর অন্যতম বড় অর্জন মনে করি।”

বিশেষ বাস সেবাকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, এতে যেমন ভোগান্তি কমবে, তেমনি বাড়তি নিরাপত্তাও নিশ্চিত হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। গত ঈদুল ফিতরেও সড়ক দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। সে তুলনায় ক্যাম্পাস বাস অনেক বেশি নিরাপদ। পাশাপাশি পরিচিত শিক্ষার্থীদের সঙ্গে যাতায়াত করায় মানসিক স্বস্তিও থাকে।

আরেক শিক্ষার্থী নুসাইবা জামান বলেন, সাধারণ যাত্রাপথে নানা ধরনের শঙ্কা কাজ করলেও এবার তা নেই। বিশেষ করে নারীদের যাতায়াতে যে ধরনের হয়রানির আশঙ্কা থাকে, ক্যাম্পাস বাসে পরিচিত পরিবেশে ভ্রমণ করায় সেই ভয় অনেকটাই কমেছে।

শিক্ষার্থীদের মতে, জাকসুর এই উদ্যোগ শুধু যাতায়াত সহজ করছে না, বরং ঈদযাত্রাকে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করে তুলছে।

—জা.অর্থনীতি/এনজে