আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরে স্বর্ণের বাজার আবারও ঘুরে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১১টা ৫১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৩২ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্বর্ণের সঙ্গে রুপার দামও বেড়েছে। শুক্রবার দিনের শুরুতে স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির খবর সাময়িকভাবে স্বর্ণের দাম বাড়ালেও বাজারে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, স্বর্ণের দাম তেলের সাথে নেতিবাচকভাবে সম্পর্কিত, যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতিকে প্রভাবিত করে। যুদ্ধ থামার আশায় বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু চুক্তিটি পুরোপুরি সই না হওয়া পর্যন্ত বাজারে পুরোপুরি স্বস্তি ফিরছে না।
এর আগে গতকাল যুক্তরাষ্ট্র ও ইরান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন মার্কিন কমকর্তারা।
—জা. অর্থনীতি/এনজে