গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাড়ে ৩ শতাধিক শিশু, নারী ও পুরুষ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন।
শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গণি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে ম্যারাথনের যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারীরা আশপাশের কয়েকটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে দৌড় শেষ করেন।
স্থানীয় সামাজিক সংগঠন বামনীপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।
আয়োজকরা জানান, সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
৫ ও ১০ কিলোমিটার- দুই ক্যাটাগরির এই প্রতিযোগিতা শেষে ম্যারাথনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও মেডেল তুলে দেন প্রধান অতিথি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।
এ সময় গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসীম উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এনজে