বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা
ছবি: সংগৃহীত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে বিলে নিয়ে তাজুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী রিয়াদ, সজীব খান  ও হৃদয় মোল্লা নামে ৩ যুবককে ঘটনাস্থল থেকে আটক কলাপাড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। 

নিহত কিশোর মাছুয়াখালী ফারুক হোসেনের ছেলে। সে এবার পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গতকাল রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যায় তাজুল। রাতে তাকে ছুরিকাঘাত করে আহত করে বখাটেরা। পড়ে স্থানীয় গ্রামবাসী তাকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পড়ে স্থানীয়রা ওই ৩ কিশোরকে আটক করে। 

পুলিশ কর্মকর্তা জানান, কেন কী কারণে তাকে হত্যা করা হয়েছে- তার কারণ অনুসন্ধানে রাত থেকেই তারা কাজ শুরু করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আটক ৩ কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

—জা. অর্থনীতি/এনজে