ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন। এর মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সাঈদ ইব্রাহিম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু।
এছাড়া এই ক্যাটাগরি থেকে বিজয়ী অন্য পরিচালকরা হলেন— মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান (৭০ ভোট), ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (৬৮ ভোট), আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা (৬৬ ভোট), ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম (৬৬ ভোট), সাকিব আহমেদ (৬৫ ভোট), শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী (৬৪ ভোট), আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট) এবং ৪১ ভোট পেয়ে শেষ মুহূর্তে বাজিমাত করেন মাহবুব আহমেদ শামীম। এই ক্যাটাগরিতে মাত্র ১ ভোটের ব্যবধানে (৪০ ভোট পেয়ে) হেরে গেছেন তেজগাঁও ক্রিকেট একাডেমির বোরহানুল ইসলাম পাপ্পু।
এদিকে ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) পর্যায়ে খুলনা ও বরিশাল বিভাগে আজ ভোট অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগ থেকে শফিকুল আলম ও যশোর জেলা থেকে সান্তনু ইসলাম সমান ১০টি করে ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর বরিশাল বিভাগ থেকে ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।
এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল, সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি
