মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় সিলেট-চট্টগ্রাম রেলপথে পরপর দুই দিনে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ও রোববার ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়। শ্রীমঙ্গলের দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এর আগের দিন শনিবার একই স্থানে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহত তরুণকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি ঘটনাই চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
—জা. অর্থনীতি/এলএটি