মৌলভীবাজার আইনজীবী বারে হামলা, আহত ২
জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে হাজিরা দিতে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুজন খান নামে একজনের অবস্থা গুরুতর।

আদালত বরাত দিয়ে পুলিশ ওসি জানান, সদর উপজেলার জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলায় সোমবার উভয় পক্ষ হাজিরা দিতে আসেন। আদালত প্রাঙ্গণে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আইনজীবী বারে গিয়ে জমসেদ খান, সাকের, তারেক ও জুনেলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জসিম ও সুজন খানের ওপর হামলা চালায়।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, "বিবদমান দুটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। সেখানে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে। বার ভবনের ভেতরে এ ধরনের ঘটনায় আমরা বিব্রত।"

ওসি বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

—জা. অর্থনীতি/এলএটি