হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনো সই করেননি বিচারক। তবে মঙ্গলবার (৯ জুন) বিচারকের সই শেষে মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। প্রধান আসামি সোহেল রানা স্বেচ্ছায় দোষ স্বীকার করেছেন এবং তার স্ত্রী স্বপ্না তাকে পালাতে সহযোগিতা করেছেন। মাত্র ৪ কার্যদিবসে এই মামলার বিচারকাজ সম্পন্ন হয় এবং গতকাল সোমবার দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কনডেম সেলে নেওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। পরে রামিসাকে খুঁজে না পেয়ে তার বাবা-মা প্রতিবেশীদের নিয়ে সোহেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শয়নকক্ষের মেঝেতে রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতর তার কাটা মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্নাকে হেফাজতে নেয়। তবে ঘটনার পর সোহেল জানালার গ্রিল কেটে পালালেও পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গত ২০ মে পল্লবী থানায় মামলা করেছিলেন রামিসার বাবা।

—জা. অর্থনীতি/এলএটি