কমলো হার্টের রিংয়ের দাম, বাস্তবায়নে জরুরি নির্দেশনা

স্বাস্থ্য ডেস্ক: হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের (করোনারি স্টেন্ট) দাম কমলো। পুনর্নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য দেশের হাসপাতালগুলোকে কার্যকর করার জন্য নির্দেশনা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। 

মঙ্গলবার (৯ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহ. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ঔষধ প্রশাসনের চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনা এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে আমদানিকৃত বিভিন্ন ধরনের করোনারি স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের স্মারক অনুযায়ী, ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ-কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানের যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে স্টেন্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য এর আগে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে কয়েকটি প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন বিশেষজ্ঞ কমিটির সপ্তম সভায় পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভার সুপারিশের আলোকে স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করা হয়। এরপর গত ১৩ মে অনুষ্ঠিত কমিটির সপ্তম সভায় মূল্যসংক্রান্ত আপত্তি ও আবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

চিঠিতে হাসপাতালগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, হার্টের রিংয়ের নতুন মূল্য তালিকা সংশ্লিষ্ট সব হাসপাতালের নোটিশ বোর্ডে সর্বসাধারণের অবগতির জন্য প্রদর্শন করতে হবে। রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি অনুসরণ করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে এবং এটিকে কোনোভাবেই চিকিৎসা প্যাকেজে অন্তর্ভুক্ত করা যাবে না।

চিঠিতে জানানো হয়, আমদানিকরা বিভিন্ন মডেলের হার্টের রিংয়ের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ‘সিলিন কাভার্ড স্টেন্ট’ বা রিংয়ে দাম ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা। এ ছাড়া ‘ম্যাগমা র্যাপামাইসিন’ রিংয়ের দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

পুনর্নির্ধারিত মূল্য: অ্যালেক্স প্লাস ৫৭ হাজার টাকা, অ্যালেক্স ৫৭ হাজার, আবারিস ৫৭ হাজার, কোরোফ্লেক্স আইএসএআর নিও ৫২ হাজার, কোরোফ্লেক্স আইএসএআর ৫০ হাজার, আমাজনিয়া স্যার ৫০ হাজার, ম্যাগমা ৩০ হাজার, সুনা স্টেন্ট ডেলিভারি সিস্টেম ১৪ হাজার, সিআরই ৫০ হাজার, অ্যাভান্ট-গার্ড ১৫ হাজার, ডাইরেক্ট-স্টেন্ট-সিরো-সিরোলিমাস ইলিউটিং করোনারি স্টেন্ট ৬২ হাজার, ডাইরেক্ট-স্টেন্ট কোবাল্ট ক্রোমিয়াম করোনারি স্টেন্ট ৩০ হাজার, সেলোসিয়া আচ্ছাদিত স্টেন্ট ৬২ হাজার, সিলিন আচ্ছাদিত স্টেন্ট ৬২ হাজার, ওর্সিরো ৬০ হাজার, ওর্সিরো মিশন ৬৫ হাজার, প্রো-কাইনেটিক এনার্জি ২০ হাজার, আইট্রিক্স র্যাপামাইসিন ৩৬ হাজার, আর্থোস পিকো ১৫ হাজার, আল্টিমাস্টার টেনসেই ৬৫ হাজার, এবলুমিনাস ডিইএস প্লাস ৬০ হাজার, এক্সলিমাস ৫৫ হাজার এবং এক্সপ্লোসন ৪৫ হাজার টাকা।

—জা. অর্থনীতি/এএইচএ