ব্রাজিলের জয়ে শোবিজ তারকাদের আনন্দ-উচ্ছ্বাস

বিনোদন প্রতিবদেক: ফুটবল বিশ্বকাপের চলমান আসরের প্রথম ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর দুর্দান্ত জয় দিয়ে ফিরলো ব্রাজিল। শনিবার (২০ জুন) সকালে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ফুটবল বিশ্বের এই পরাশক্তি। এ আনন্দের জোয়ার গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে। বাদ যায়নি বাংলাদেশি শোবিজ তারকারাও।

ঢাকাই শোবিজের তারকাদের অনেকেই সেলেসাওদের সমর্থক। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা মানেই তাদের কাছে বাড়তি কিছু। সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখেছেন আর জয়ের পর প্রকাশ করেছেন আনন্দ ও উচ্ছ্বাস। 

এই জয়ে বিশ্বকাপের আমেজে আরও একধাপ এগিয়ে গেল ব্রাজিল সমর্থকরা। এই আমেজে মেতেছেন ব্রাজিল সমর্থক, এক সময়ের জনপ্রিয় মডেল ও টিভি নাটকের জনপ্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রিয় দল ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দুই হাতের আঙুল দিয়ে বিজয়ের প্রতীক ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা যায় তাকে। আর ক্যাপশনে অল্প কথাতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন—‘গোওওওওওওওল ব্রাজিল’—সঙ্গে ছিল ফুটবলের ইমোজি। পোস্টটির মন্তব্যের ঘরে অভিনেত্রীর অনুসারীরা তার প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন। 

জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি দীর্ঘদিন ধরে ব্রাজিলের সমর্থক। প্রথম ম্যাচ নিয়ে অবশ্য অন্যদের মতো তিনিও হতাশ ছিলেন। এক মুহূর্তের জন্য দল বদলের চিন্তাও এসেছিল মাথায়! তবে, আজকের ম্যাচে মনোবল বেড়েছে তার। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় দলকে। 

এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের পুরনো ভক্ত। ম্যাচের আগে একটি ভিডিও বার্তা দিয়ে প্রিয় দলের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন। জয়ের পরও জানিয়েছেন প্রতিক্রিয়া। এ ছাড়া, ব্রাজিলের পতাকা ও খেলোয়াড়দের নাম আঁকা একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। জানিয়েছেন, রঙ পেন্সিলে ছবিটি এঁকেছে তার বোনের পুত্র। 

উপস্থাপক নীল হুরেরজাহান ক্রীড়াভক্ত মানুষ। পছন্দের দল ব্রাজিল। আজকের জয়ে ভীষণ আনন্দিত তিনি। লিখেছেন, ‘সাম্বা ফিরিয়ে এনেছে ব্রাজিল, তবে হাইতি লড়াইটা জারি রেখেছে। ব্রাজিল তাদের চেনা ছন্দ ফিরে পেয়েছে। এখন গ্রুপের পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে ব্রাজিল।’ 

আরেক উপস্থাপক, অভিনেত্রী মৌসুমী মৌয়েরও প্রিয় দল ব্রাজিল। যদিও তিনি জানিয়েছেন, এবার পর্তুগাল কিংবা স্পেন বিশ্বকাপ জিততে পারে। আজকের ম্যাচের পর ব্রাজিলের জার্সি পরে দুটি ফুটবল কোলে নিয়ে হাসিমাখা ছবি দিয়েছেন মৌ। সঙ্গে সবাইকে জানিয়েছেন সকালের শুভেচ্ছা। 

‘লালন কন্যা’ গায়িকা বিউটি শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওতে। তার ছেলেও ব্রাজিলের সমর্থক। ছেলের সঙ্গ ব্রাজিলের জার্সি পরে একটি ভিডিও দিয়েছেন তিনি। দুজনের উচ্ছ্বাসে ভক্তরাও খুশি। 

—জা. অর্থনীতি/এনএ