সীমান্তে নিহতের পরিবারকে ৭০০ টাকা সহায়তা, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিজিবির গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) জাতীয় নাগরিক কমিটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম নিহতের বাড়িতে গিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে এই টাকা দেন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অল্প কিছু টাকা হাতে পেয়ে হতবাক ও কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

নিহত মুজিবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, "তিনটি শিশু সন্তান নিয়ে আমি এখন অসহায়, আরেকটি শিশু গর্ভে রয়েছে। ঢাকা থেকে নেতারা আসার পর এলাকার মানুষ ভাবছে আমরা ৩-৪ লাখ টাকা পেয়েছি। কিন্তু ওনারা আমার শাশুড়ির হাতে মাত্র ৭০০ টাকা তুলে দিয়েছেন। একটা মানুষ মারা যাওয়ার বদলে ৭০০ টাকা! এত বড় বহর নিয়ে এসে এই লোক দেখানো টাকা দিয়ে আমরা কী করব?"

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক বা কেন্দ্রীয় নেতারা যদি এভাবে লোক দেখানো সহায়তা দিতে আসেন, তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর মূল উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়। এতে পরিবারের উপকারের চেয়ে সামাজিক হেনস্তা বেশি হয়েছে।

এ বিষয়ে জানতে নাসিরুদ্দিন পাটোয়ারী বা সারজিস আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি