উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভোটগ্রহণের শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ কম দেখা গেছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭৩ জন। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

ভোটগ্রহণের শুরুতেই সকাল ৯টা ৪৫ মিনিটে ভোট দিতে আসেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম। প্রতি বছরই প্রথম সারির ভোটারদের তালিকায় থাকেন তিনি। ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি যেহেতু পেশায় ডাক্তার, শুক্রবার আমার চেম্বারে অনেক বেশি রোগী থাকেন। তাই সকাল সকাল আসতে হলো। প্রতিবারই আমি সকাল সকাল ভোট দিই। নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হোক। নির্বাচনের পর তো আমরা সবাই এক। কোনো বিভেদ না থাকুক।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এর বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও মাঠে রয়েছেন। প্যানেল দুটি হলো:
আরমান-মুক্তি পরিষদ: সভাপতি আরমান (ফাইটার ও প্রযোজক), সাধারণ সম্পাদক রুমানা ইসলাম মুক্তি (চিত্রনায়িকা)। অন্যান্য পদের প্রার্থীরা হলেন- নূতন ও ইলিয়াছ কোবরা (সহ-সভাপতি), রিনা খান (সহ-সাধারণ সম্পাদক), চুন্নু (সাংগঠনিক সম্পাদক), এম এ পারভেজ চৌধুরী আবীর (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), রাসেল মিয়া (দপ্তর ও প্রচার সম্পাদক), মারুফ আকিব (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক) এবং কামরুজ্জামান কমল (কোষাধ্যক্ষ)। কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী- মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্য প্যানেলটি হলো শিবা সানু-জয় চৌধুরী পরিষদ: এতে সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী। অন্যান্য পদের প্রার্থীরা হলেন- ডি এ তায়েব ও রোজিনা (সহ-সভাপতি), সুব্রত (সহ-সাধারণ সম্পাদক), সনি রহমান (সাংগঠনিক সম্পাদক), পলি (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), মুশফিকুর রহমান কাকন (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং জাদু আজাদ (কোষাধ্যক্ষ)। কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী- আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।

দুটি মূল প্যানেলের বাইরে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

জা.অর্থনীতি/এসআই