জনভোগান্তি কমাতে সিসিকের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: নগরবাসীকে কোনোভাবেই ভোগান্তিতে ফেলা যাবে না উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সড়ক উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সিসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসের কাজের অগ্রগতি পর্যালোচনায় প্রকৌশল বিভাগের মূল্যায়ন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতীতে নেওয়া অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে নগরবাসীর সুপেয় পানির সংকট দূর করতে দীর্ঘমেয়াদি দেড় হাজার কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি তীব্র সংকটকবলিত এলাকায় বিকল্প হিসেবে গভীর নলকূপ স্থাপন করা হবে। 

এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কে নান্দনিক সড়কবাতি স্থাপন এবং যানজট নিরসনে হকার ও অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়মিত মূল্যায়নের জন্য প্রতি মাসে অন্তত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
—জা. অর্থনীতি/এলএটি