সরবরাহ সংকটে ফের অস্থির নিত্যপণ্যের বাজার

অনলাইন ডেস্ক: মাত্র তিন-চার দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে আবার বেড়েছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ মানুষের খাদ্যতালিকায় থাকা চাল, মুরগি এবং বেশ কিছু প্রধান সবজির দাম এই দফায় ঊর্ধ্বমুখী হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বাজারে পণ্যের সরবরাহ কমে যাওয়ার কারণেই দাম এভাবে বৃদ্ধি পেয়েছে।

খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুরগির বাজারে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও, বর্তমানে তা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় ঠেকেছে। একইভাবে গত সপ্তাহে ধরনভেদে ২৮০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগি এখন ক্রেতাদের কিনতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে সুষম বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রচণ্ড গরমে খামারিরা নতুন করে খামারে ব্রয়লার মুরগি তুলতে পারেননি। অন্যদিকে, তীব্র গরমে লোকসান এড়াতে অনেকেই মুরগি পুরোপুরি বড় হওয়ার আগেই বাজারে বিক্রি করে দিয়েছেন। ফলে হঠাৎ করেই বাজারে মুরগির সরবরাহ কমে গেছে।

কাঁচাবাজারে অসন্তোষ এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচা মরিচ, আলু, বেগুন ও রসুনের দামও বেড়েছে। কিছুদিন আগেও যে আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। দেশি রসুনের দামও মাসের ব্যবধানে বেড়েছে; এক মাস আগে ৬০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া রসুন এখন প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া সাম্প্রতিক বৃষ্টির কারণে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচ ও বেগুনের দাম। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা এবং বেগুন ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, চালের বাজারেও নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে খুচরা বাজারে নাজিরশাইল ও মিনিকেটের মতো সরু চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকা হয়েছে। মাঝারি মানের চাল (যেমন পাইজাম ও ব্রি-২৮) কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মোটা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছে চিনিগুঁড়া বা পোলাওয়ের চালের দাম। এক মাসের ব্যবধানে এই সুগন্ধি চালের দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে খোলা পোলাওয়ের চাল বাজারে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই