স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ ও জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। মাঠের সেই চেনা রূপ ছেড়ে এবার পরীক্ষার টেবিলে বসেছেন এই তরুণ ক্রিকেটার।
শনিবার (০৪ জুলাই) সকালে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্বর্ণা এই কথা জানান। তিনি লিখেন, "দোয়ায় রাখবেন। ছোট ছোট পদক্ষেপই বড় স্বপ্নের শুরু।"
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। বিশ্বকাপ কাঁপানো এই ক্রিকেটারের এমন পদক্ষেপে ক্রীড়াঙ্গন ও ভক্তদের মাঝে বেশ ইতিবাচক সাড়া পড়েছে।
ক্রিকেট মাঠে ব্যাট-বলের ব্যস্ত সূচির মাঝেই নিজের পড়াশোনা সমানতালে চালিয়ে গেছেন স্বর্ণা। বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) শিক্ষার্থী হিসেবে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। কঠোর অনুশীলন, ক্যাম্প আর আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা সামলে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা মোটেও সহজ ছিল না। তবে মাঠের মতোই পড়ালেখার ক্রিজেও সমান ধৈর্য আর দৃঢ়তা দেখিয়েছেন এই টাইগ্রেস তারকা।
স্বর্ণা আক্তারের পরিবার ও বিকেএসপির শিক্ষকরা জানিয়েছেন, খেলার কারণে অনেক ক্লাস মিস হলেও স্বর্ণা পড়াশোনায় সবসময়ই মনোযোগী ছিলেন। মাঠের পারফরম্যান্সের মতো পরীক্ষার খাতাতেও তিনি দারুণ কিছু করবেন বলে সবাই আশাবাদী। ক্রীড়াঙ্গনের তারকা হয়েও পড়াশোনার প্রতি তার এই একাগ্রতা দেশের তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা।
—জা. অর্থনীতি/এলএটি