হাওরাঞ্চলের মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একটি মা মাছ থেকে এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপাদন হতে পারে। তাই মা মাছ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে জেলেসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ মাস মাছ আহরণ থেকে বিরত থাকলে মাছের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে যে মাছ অল্প দামে বিক্রি হচ্ছে, কয়েক মাস পর তা আকারে বড় হবে এবং বাজারে এর অধিক মূল্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, আমরা আবারও মাছে-ভাতে বাঙালি ঐতিহ্যকে সমৃদ্ধ করতে চাই। মা মাছ রক্ষা করুন, এতে জেলেদের যেমন লাভ হবে, তেমনি দেশের মৎস্যসম্পদও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জা.অর্থনীতি/এসআই