নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা মাসেকুর রহমান লিটন ভূঁইয়া (৪৫) নিহত হয়েছেন।
তিনি বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ছোট ভূঁইয়া বাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) রাতে জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় চান মিয়া স্টোরের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মাসেকুর রহমান লিটন ভূঁইয়া নিহত হন। তিনি নরসিংদী শহরে পরিবার নিয়ে বসবাস করতেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
নিহত মাসেকুর রহমান লিটন বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, রাত প্রায় ৯টার দিকে নোয়াদিয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিটন ভূঁইয়া নিহত হন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
—জা.অর্থনীতি/এনজে