অনলাইন ডেস্ক: দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৫ জুলাই) ‘জাতীয় অর্থনীতিতে বিসিক শিল্পনগরীসমূহের অবদান ও বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজধানীর বিসিক ভবনের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, চলমান ও নতুন শিল্প প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্প খাতের সম্প্রসারণ ঘটাতে হবে। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে বিসিকের কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনার পর দ্রুত প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি বলেন, বিসিক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের শিল্পায়নের অন্যতম চালিকাশক্তি। দেশের টেকসই শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও শিল্পোন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে বিসিক ভবিষ্যতেও উদ্যোক্তা উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব আব্দুন নাসের খান। এছাড়া শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
জা.অর্থনীতি/এসআই
