আদালতের তোয়াক্কা না করে জমি দখলের চেষ্টা
ছবি: জাতীয় অর্থনীতি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আইন-আদালতের তোয়াক্কা না করে এক প্রবাসীর পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী সিরাতুন নেছা ফাল্গুনী।

লিখিত বক্তব্যে শ্যামনগরের বাদঘাটা গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের কন্যা সিরাতুন নেছা ফাল্গুনী জানান— তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চাকুরিসূত্রে তিনি যশোরে বসবাস করার সুযোগে বাদঘাটা মৌজায় তার দীর্ঘ ১৪ বছর ধরে ভোগদখলীয় ১০ শতক পৈতৃক ও ক্রয়কৃত জমি স্থানীয় জোবেদা বেগম নামের এক নারী ও তার সহযোগীরা অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সালিশি বৈঠকে প্রতিপক্ষ জোবেদা বেগম কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও জানান, পরবর্তীতে জোবেদা বেগম আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই চক্রটি জমি দখলের পাঁয়তারা ও হয়রানি চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে লিখিতভাবে জানানো হয়েছে। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী শিক্ষিকা যাতে শান্তিপূর্ণভাবে নিজের জমিতে বসবাস করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

—জা. অর্থনীতি/এলএটি