এলএনজি সরবরাহে ঘাটতি, গ্যাসের চাপ কমার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহককে সাময়িকভাবে কম গ্যাসের চাপের মুখোমুখি হতে হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) আরএলএনজি কম সরবরাহ হচ্ছে। এতে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ কমে গেছে এবং এর প্রভাব তিতাসের বিতরণ নেটওয়ার্কেও পড়ছে।

তিতাস গ্যাস জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। এ কারণে রান্না, বাণিজ্যিক কার্যক্রম ও শিল্প উৎপাদনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জা.অর্থনীতি/এসআই