মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়ির সিঁড়ির নিচে পুঁতে রাখা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার চুরির অভিযোগে আলাল শেখ (২২) নামে এক টাইলস মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া ও ঝিনাইদহে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য বলেন। গ্রেপ্তার ব্যক্তির নাম— আলাল শেখ। সে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের আরজান শেখের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মুন্দা গ্রামের প্রবাসী শাহীনের বাড়িতে নিরাপত্তার স্বার্থে তার বৃদ্ধা মা নার্গিস বানু ব্যবহারের সোনার গয়না একটি প্লাস্টিকের কৌটায় ভরে ঘরের সিঁড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন। সম্প্রতি তাদের বাড়িতে টাইলসের কাজ করার সময় সিসিটিভি ফুটেজ অনুযায়ী মিস্ত্রিরা মাটি খুঁড়ে সেই স্বর্ণের কৌটাটি চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় নার্গিস বানু বাদী হয়ে গাংনী থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মামলার পর পুলিশ কুষ্টিয়া থেকে টাইলস মিস্ত্রি আলালকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পলাতক অপর আসামি মোমিন খানের শ্বশুরবাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুরি যাওয়া সব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মোমিন খানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
