পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (১২ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে এবং একই এলাকার ট্রাক শ্রমিক নাঈমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে নাঈম ও মিলির বিয়ে হয়। তবে এই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিলো। শনিবার গভীর রাতে মিলি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য আজই পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
—জা. অর্থনীতি/এলএটি