অনলাইন ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে তৈরি হওয়া সুযোগে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের স্পর্শে প্রথম গোল পায় আর্জেন্টিনা। ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ চালিয়ে ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় ইউরোপের দলটি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় ফাউলের অভিনয় ধরা পড়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এম্বোলো। ফলে শেষ ১৮ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় সুইসদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে আর্জেন্টিনা শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ইনজুরি টাইমের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ম্যাচজুড়ে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণের সামনে টিকতে পারেনি তার দল।
এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল আর্জেন্টিনা।
জা.অর্থনীতি/এসআই