র‌্যাব সদস্যদের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে নির্যাতনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা শফিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৩ জুলাই) বিকেলে  র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী সংবাদ সম্মেলন করে তথ্য জানান।

এর আগে গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করা হয়। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় , গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‌্যাবের ৪ গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। পরে ৪ সদস্যকে প্রায় ৩ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে ৩ জন গুরুতর আহত হন। পরে অন্যান্য র‌্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করলেও শফিক দীর্ঘদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলাতেও তিনি জড়িত।

—জা. অর্থনীতি/এনজে