অনলাইন ডেস্ক: ঢাকার উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে জসীম উদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান এবং প্রাণের বাংলাদেশের রবিউল আলম রাজু। শাকিবুল হাসান উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু সংগঠনটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড ও আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। জসীম উদ্দীন এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত করা যায়নি। চালক ও বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে একই এলাকায় এর আগে বুধবার রাতে ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক অটোবাইক ব্যবসায়ী নিহত হন। রাত ৯টার দিকে জসীম উদ্দীন রোডের ইউ-টার্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিও শনাক্ত করা যায়নি।
জা.অর্থনীতি/এসআই
