বিনোদন ডেস্ক: জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আশ শিফা দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড-২০২৬’। বিনোদন, সংস্কৃতি, উদ্যোক্তা ও ডিজিটাল অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবন মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের আয়োজনে শিল্প ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম এবং ‘পান সুপারি’-এর সিইও কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ছয় শতাধিক উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দিয়ামনি ই-কমিউনিকেশনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। এতে সভাপতিত্ব করেন দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।
এদিন সংগঠনটির পক্ষ থেকে বিনোদন, ফ্যাশন, কর্পোরেট ও উদ্যোক্তা খাতের বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও সফলদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
সংগীত ও কোরিওগ্রাফি বিভাগে সম্মাননা পান রবি চৌধুরী, আদনান বাবু, সাব্বির জামান, জাকিয়া সুলতানা কর্নিয়া, মৌসুমী আক্তার সালমা, শওকত আলী ইমনসহ অনেকে।
গণমাধ্যম ও সাংবাদিকতায় অবদানের জন্য তাসনূভা মাহবুব, মো. নূর হাকিম, ভাবনা আহমেদ, ফারজানা তৃণা, রোমানা আক্তার রত্না ও সিনিয়র সাংবাদিক জয় ই বুলবুলকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া, উদ্যোক্তা ও পাবলিক স্পিকিং ক্যাটাগরিতে ইকবাল বাহার জাহিদ এবং চন্দা মাহজাবীন সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, ‘দেশের শিক্ষিত, উদ্যামী ও মেধাবী তরুণ-তরুণীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দেশের ৬৪টি জেলা ও উপজেলায় প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম শুরু করেছি। শুধু প্রশিক্ষণ নয়, তরুণ উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি।’
অ্যাওয়ার্ড প্রদান শেষে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে আইডিইবি ভবন মিলনায়তন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ।
—জা. অর্থনীতি/এনএ