আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মদিয়া এলাকায় একটি রাষ্ট্রীয় এতিমখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে (স্থানীয় সময়) ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’-এ আগুনের সূত্রপাত হয় বলে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে।
দমকল বিভাগ জানায়, আহতদের মধ্যে ১০ জন দগ্ধ, দুইজন ধোঁয়ায় শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ এবং সাতজন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার পর উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ হয়েছে। আগুনের কারণ জানতে নিরাপত্তা ও বিচারিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিকে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সিফি গরিব রাজধানীর মুস্তাফা পাচা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই
