খেলা দেখতে বাধা দেয়ায় স্ত্রীকে মারধর, স্বামী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে জহির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মরিয়ম বেগম (২০) বাদী হয়ে থানায় মামলা করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার (২০ জুলাই) রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ওসি বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত জহির হোসেন পেশায় একজন অটোরিকশাচালক এবং ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, প্রায় দুই বছর আগে চট্টগ্রাম জেলার বাসিন্দা মরিয়ম বেগমকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন জহির হোসেন। এই দম্পতির পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার রাতে সন্তানকে নিয়ে ঘরে অবস্থানকালে স্ত্রীকে রেখে রাতে বাইরে গিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে জহিরকে নিষেধ করেন মরিয়ম। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জহির লাঠি দিয়ে স্ত্রী মরিয়ম বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই নির্যাতনের একটি প্রায় দুই মিনিটের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জহিরকে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে এবং গৃহবধূকে চিৎকার করে কাঁদতে দেখা যায়। ভিডিওটি নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরকে আটক করে।

পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্ত জহির হোসেন মাদকাসক্ত এবং এর আগেও পারিবারিক কলহের জেরে একাধিকবার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে।

ওসি জানান,"সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ  ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে গৃহবধূর করা আবেদনের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি