সেশনজট নিরসন ও গবেষণা বৃত্তিসহ ১৩ দফা দাবি জাকসুর
ছবি: সংগৃহীত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) শিক্ষার্থীদের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে উপ-উপাচার্য (শিক্ষা) মহোদয়ের নিকট ১৩ দফা দাবি উপস্থাপন করেছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এসব দাবি দ্রুত একাডেমিক কাউন্সিলে আলোচনা ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

গত ২১ জুলাই জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবিসমূহ পুনরায় পেশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক জটিলতা নিরসনে উপস্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য দ্রুত গবেষণা বৃত্তি চালু করা এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার (ইনস্টিটিউশনাল এক্সেস) নিশ্চিত করা।

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

এছাড়া সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও বাস্তবায়ন এবং দ্রুত ফলাফল প্রকাশের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইলের মেয়াদ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের সুযোগ সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বিভিন্ন গবেষণা যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু এবং সেখানে শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থার দাবিও রয়েছে এই তালিকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন বিভাগে বিদ্যমান শিক্ষক সংকট এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জনবল সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় নিয়োগ প্রদানের আহ্বান জানিয়েছে জাকসু। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাগত ও প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শ্রুতিলেখক অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ ও বিভাগীয় পর্যায়ে এর বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাকসুর উদ্যোগে জাবিতে চালু হলো বাসের লাইভ ট্র্যাকিং সেবা

পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে মানোন্নয়ন পরীক্ষা দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়, যেখানে বর্তমান ৩.০০ বা তার নিচে জিপিএ শর্ত সংশোধন করে ৩.২৫ পর্যন্ত জিপিএধারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া প্রাতিষ্ঠানিকভাবে চালু করা, ফলাফল মূল্যায়নে অনিয়ম তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার দাবি জানানো হয়। অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্য যৌক্তিক ও বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা, শিক্ষা ও পাঠদানের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা এবং চূড়ান্ত পরীক্ষার সময়সূচি যৌক্তিক, বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধবভাবে পুনর্বিন্যাস করার দাবিও জানিয়েছে জাকসু।

জাবি মেডিকেল সেন্টারে ২১ দিনে ৭৩ হাজার টাকার ওষুধের গরমিল

জাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, উপস্থাপিত এই দাবিসমূহ সময়োপযোগীভাবে বাস্তবায়িত হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা ও গবেষণার মান বহুলাংশে বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের সকল ভোগান্তি নিরসন হবে।

—জা. অর্থনীতি/এলএটি