নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব ও দ্রুত সেবা নিশ্চিতের লক্ষ্যে শেরপুরে আয়োজিত এক গণশুনানিতে ১৬১ জন অসহায় সেবাপ্রার্থী ও রোগীর মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী গণশুনানি শেষে সুবিধাভাবোীদের হাতে এসব সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০৮ জন মানুষ ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মহীনতা, বেকারত্ব, নদীভাঙন, আর্থিক সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।
জেলা প্রশাসক তাদের বক্তব্য শুনে সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহায়তার ব্যবস্থা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণশুনানিতে ১৬১ জনকে নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া ১৬ জন নারীকে গৃহ নির্মাণ সহায়তা, ১৮ জনকে ঢেউটিন, ৫ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি দুইজনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আটজন সেবাপ্রার্থীকে তাদের সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এর মধ্যে সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর পৌরসভা, সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ভূমি অফিস ও জেলা সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতেই নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে মানুষ সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
—জা. অর্থনীতি/এলএটি
