মাদকাসক্ত ছেলের হাতুড়িপেটায় আহত বাবা
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতুড়িপেটায় আহত হয়েছেন বাবা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেণ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাহিদ মিয়া (২২) নামের ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর জেরে প্রায়ই তিনি পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। ঘটনার দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় তিনি তার বাবা গোলাম রাব্বানীর ওপর চড়াও হন এবং একপর্যায়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে নিজের পরিবারের নিরাপত্তা ও সন্তানের অপকর্ম থেকে বাঁচতে অতিষ্ঠ ওই বাবা নিজেই মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। 

নিজের সন্তানকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে অসহায় বাবা গোলাম রাব্বানী বলেন, "মাদকের নেশায় সে আমাদের ওপর নিয়মিত অত্যাচার চালাত। প্রতিদিনের মতো আজও সকালেও মাদক সেবন করে আমাকে মারধর করে। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছি।"

ইউএনও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাহিদ মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি