নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৭ গ্রাম চোরাচালানি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার টাকা।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা তামিম আনসারি।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দা দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় পেস্ট আকারে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়।
জব্দ করা স্বর্ণের মোট ওজন ৪২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ৬৬ হাজার টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হলে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
—জা.অর্থনীতি/জেআরটি