মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে এগুলো প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর ও তেজগাঁও-দুই জায়গায় একসঙ্গে বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের দল কাজ করছে।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

ডিএমপির তেজগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ কৈশৈনু মারমা বলেন, সকাল ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার সংবাদ পাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তার ভেতরে কী আছে তা স্পষ্ট নয়, তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন; পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরে কী আছে তা জানা যাবে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের দেওয়া খবরে লোকাল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রয়েছে। বোমাসদৃশ বস্তুটি আদৌ বোমা বা ক্ষতিকর কোনো বিস্ফোরক জাতীয় কিছু কিনা তা খতিয়ে দেখার জন্য ডিএমপির সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারী আহত হন।

—জা. অর্থনীতি/এনজে