বরিশাল প্রতিনিধি: "যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং ফ্যাসিবাদকে হটিয়েছি, তাদের মর্যাদা প্রতিষ্ঠা ও দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।"—বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী আরও বলেন, "যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে পার্লামেন্টের বদলে রাজপথে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন, তারা শহীদদের মহান আত্মত্যাগকে অনুধাবন করতে পারছেন না। আর যারা শান্তিময় রাজনৈতিক চর্চার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছেন, তারা ভুল পথে হাঁটছেন।"
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল জুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পৃথক আলোচনা সভা ও নগরীতে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি