সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের ওপরের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে স্থানীয় কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এছাড়া এটি সত্যিই পেট্রল বোমা ছিল, নাকি অন্য কোনো বস্তু নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বললেন, ঘটনাটি পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

উল্লেখ্য, নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। তার যোগদানের খবরের পরই ঘটল এ ঘটনা।

—জা.অর্থনীতি/আইবিএম