যে ঝুঁকির কারণে বিএমডব্লিউর ৬৫৭৪ গাড়ি প্রত্যাহার করলো সৌদি
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: সৌদি আরবে বিএমডব্লিউর কয়েকটি মডেলে গুরুতর নির্মাণ ত্রুটি শনাক্ত হওয়ায় ৬ হাজার ৫৭৪টি গাড়ি প্রত্যাহার করা হচ্ছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চালকের আসনের ওয়্যারিং হারনেসে ত্রুটির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, যা ধোঁয়া সৃষ্টি বা গাড়িতে আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দেয়। 

সম্প্রতি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: আবারও মুখোমুখি বিএমডব্লিউ ও মার্সিডিজ

প্রতিবেদনে বলা হয়েছে, এই রিকল কর্মসূচির আওতায় ২০২৩ থেকে ২০২৫ মডেলের বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের গাড়িগুলো রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ইতোমধ্যে গাড়িগুলো প্রত্যাহারের কার্যক্রম শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। 

বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটে গিয়ে গাড়ির শনাক্তকরণ নম্বর বা ভিআইএন যাচাই করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সহজেই জানা যাবে, কোনো গাড়ি এই রিকল কর্মসূচির আওতায় রয়েছে কি না। 

আরও পড়ুন: বৈদ্যুতিক গাড়ির শুল্ক নীতিতে নতুন কৌশল

যেসব গাড়ি প্রত্যাহারের তালিকায় রয়েছে, সেগুলোর প্রয়োজনীয় মেরামত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এজন্য গ্রাহকদের সৌদিতে বিএমডব্লিউর অনুমোদিত পরিবেশক মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 

নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে দ্রুত ভিআইএন নম্বর যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তাদের মতে, সময়মতো ত্রুটি মেরামত করলে সম্ভাব্য দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।