আন্তর্জাতিক ডেস্ক: বহু বছরের শ্রমে গড়া রাজনৈতিক সাম্রাজ্য, রাজকীয় ভাবমূর্তি কিংবা প্রশাসনিক দাপট সবকিছু মুহূর্তেই ধুলায় মিশে যেতে পারে মাত্র কয়েক মিনিটের একটি গোপন ভিডিওতে। বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সরকারি দপ্তর পর্যন্ত, ক্যামেরার গোপন লেন্সের মাধ্যমে বিশ্বের প্রভাবশালী অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের ক্যারিয়ার সলিল সমাধি ঘটেছে। ডিজিটাল যুগে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এক একটি সিসিটিভি বা গোপন ক্যামেরার ফুটেজই যেন এখন রাজনীতির সবচেয়ে শক্তিশালী ও নীরব বিচারক।
অস্ট্রিয়ার ইবিজা কেলেঙ্কারি:
২০১৯ সালে অস্ট্রিয়ার তৎকালীন ভাইস চ্যান্সেলর হাইনৎস ক্রিষ্টিয়ান স্ট্রাফ যুক্ত হন এক গোপন চুক্তিতে। একটি বিলাসবহুল কক্ষে ভুয়া রুশ ধনকুবেরের আত্মীয় দাবি করা এক নারীর সঙ্গে সরকারি সুবিধার বিনিময়ে রাজনৈতিক সহযোগিতার আলোচনা করতে দেখা যায় তাকে। এই ‘ইবিজা ভিডিও’ সংবাদমাধ্যমে ফাঁসের কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন স্ট্রাফ। এর জের ধরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রিয়ার তৎকালীন পুরো জোট সরকার।
ভারতে তেহেলকার অপারেশন ওয়েস্ট এন্ড:
প্রতিবেশী দেশ ভারতে ২০০১ সালে সংবাদমাধ্যম ‘তেহেলকা’ পরিচালিত 'অপারেশন ওয়েস্ট এন্ড' ভারতীয় রাজনীতিতে বড় ধরনের ভূকম্পন সৃষ্টি করে। গোপন ক্যামেরায় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের অনুমোদনের বিনিময়ে তৎকালীন বিজেপি সভাপতি বঙ্গারু লক্ষণকে ঘুষের অর্থ গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে পদ ছাড়তে হয়। পরবর্তীতে আদালতেও তিনি দোষী সাব্যস্ত হন।
লকডাউনে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা:
শুধু আর্থিক দুর্নীতিই নয়, গোপন ক্যামেরা উন্মোচন করেছে রাজনৈতিক নেতৃত্বের অনৈতিক আচরণও। ২০২১ সালে করোনা মহামারি চলাকালে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের অফিসের একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়। সেখানে দেখা যায়, নিজের তৈরি করা কঠোর করোনা বিধিনিষেধ ভেঙে তিনি অফিসের ভেতর এক সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন। তীব্র জনরোষের মুখে পদ ছাড়তে বাধ্য হন হ্যানকক।
একইভাবে ২০১৫ সালে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সিওলের অনৈতিক আচরণ ও নিষিদ্ধ মাদক গ্রহণের গোপন ভিডিও প্রকাশিত হলে সমাপ্তি ঘটে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের।
আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে রাজনীতিতে জবাবদিহিতা আর শুধু সংসদ বা আদালতের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। ভাইরাল হওয়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফুটেজই মুহূর্তের মধ্যে গড়ে দিচ্ছে হেভিওয়েট রাজনীতিকদের ভবিষ্যৎ।
—জা. অর্থনীতি/এলএটি