অনলাইন ডেস্ক: কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তি হয় রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।
দেশটির বিভিন্ন শহরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়। এ সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে এবং অনেক ভবন থেকে লোকজন নিরাপদে রাস্তায় বেরিয়ে আসে।

বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড়ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু ভবনে ফাটল দেখা গেছে।
চোকোর গভর্নর নুবিয়া কর্ডোবা এক্সে বলেন, আমরা এইমাত্র চোকো বিভাগে একটি বড় ভূমিকম্প টের পেয়েছি। আমরা আফটারশক নিয়ে উদ্বিগ্ন। যদিও এর কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে, রাজধানী কুইবদোতে ভবনগুলোর ক্ষতি হয়েছে। আমরা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছি এবং শিগগিরই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করব।
—জা.অর্থনীতি/আইবিএম