শেরপুরের ধর্ষণ মামলার আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর থানায় দায়ের করা স্পর্শকাতর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. আতিকুর রহমানকে (২৮) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর তেমহনী এলাকার একটি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প ও র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, অভিযুক্ত আতিকুর দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার আতিকুরের অভিভাবককে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকেন। গত ৫ আগস্ট রাতে ভুক্তভোগী নিজ ঘরের বাইরে গেলে আতিকুর গোপনে ঘরের ভেতরে ঢোকেন এবং তরুণী ঘরে ফেরামাত্রই তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৬ আগস্ট শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি আতিকুর আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আতিকুরের অবস্থান শনাক্ত করে ৯ আগস্ট সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমহনী এলাকার 'রাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ'-এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডকেট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

—জা. অর্থনীতি/এলএটি