সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে তিনটি হাউসবোটকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন শাওন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ৩টি পৃথক মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করেন।
তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
অভিযানকালে ইসিএ এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভ্রমণকারী হাউসবোটের চালক, মালিক ও ঘুরতে আসা পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, হাওরের স্পর্শকাতর বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এই ধরণের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি