শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ককটেল বিস্ফোরণে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাউখোলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রেজাউল শিকদার গ্রুপের সাথে স্থানীয় তমিজ খাঁ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার থেকে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মান্নান সরদারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নিহত বৃদ্ধ সংঘর্ষে জড়িত ছিলেন নাকি পথচারী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে তমিজ খাঁ পক্ষের সমর্থক রিপন মোল্লার হাতবোমার বিস্ফোরণে হাতের কব্জি ছিন্নভিন্ন হয়ে গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোমান বাদশা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুই দিন ধরেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি ফোন পেয়ে পুলিশ সাময়িকভাবে অন্যত্র সরলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি